মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শরিফ মিয়া (৩৫) নামে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছেন। রোববার (১৬ জানুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শরিফ মিয়া উপজেলার চর পাচুটিয়া গ্রামের হযরত মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং গত ২৪ জানুয়ারি ছুটিতে দেশে ফেরেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর অভিমানে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তার স্ত্রী রুনা আক্তারের (২৫) সঙ্গে আট বছর আগে বিয়ে হয় এবং তাদের পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
