রাজবাড়ী প্রতিনিধি: রাজধানীর মিরপুর থেকে পরিবারকে না জানিয়ে বিয়ে করার উদ্দেশ্যে রাজবাড়ীর পাংশায় পালিয়ে যায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পঞ্চম ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পরে সন্দেহজনক অবস্থায় একটি অ্যাম্বুলেন্স থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে একটি অ্যাম্বুলেন্সে থাকা তিন শিশুকে সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে দুজন নিজেদের প্রেমিক-প্রেমিকা দাবি করে এবং পরিবারকে না জানিয়ে ঢাকা থেকে পালিয়ে এসেছে।
তিনি বলেন, উদ্ধার হওয়ার পরপরই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা থানায় আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুদের তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের অপব্যবহার, অভিভাবকদের অসচেতনতা এবং পর্যাপ্ত নজরদারির অভাবের কারণে অনেক শিশু অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এ ধরনের ঘটনা এড়াতে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
