রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
তিনি বলেন, “পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার, এটি পুলিশের যাচাইয়ের বিষয় নয়। জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়নি, তাহলে পাসপোর্টের ক্ষেত্রেও তা থাকা উচিত নয়।”
এ সময় তিনি প্রশাসনের নানা হয়রানিমূলক প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “সরকারের কাজ নাগরিকের অধিকার নিশ্চিত করা, বাধা সৃষ্টি করা নয়।”
ডিসি সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মধ্যে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় বৃদ্ধি, জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা বাড়ানো ও তদন্ত ব্যবস্থার উন্নয়নের বিষয়ে সুপারিশ রয়েছে।
এবারের সম্মেলন ১৮ ফেব্রুয়ারি শেষ হবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করবেন জেলা প্রশাসকরা।
