গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হওয়া এ মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।
সাদ অনুসারী তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শেষ দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান করেন।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, কল্যাণ, সুস্থতা ও গুনাহ মুক্তির জন্য দোয়া করা হয়। ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এভাবেই সমাপ্তি ঘটে ৫৮তম বিশ্ব ইজতেমার।
