Home Seacond Lead সিএনজি চালকদের কাছে নতিস্বীকার, যাত্রীদের ভোগান্তিতে ফেলল বিআরটিএ

সিএনজি চালকদের কাছে নতিস্বীকার, যাত্রীদের ভোগান্তিতে ফেলল বিআরটিএ

by raazu
০ comments

রাজধানীতে মিটারের বাইরে ভাড়া আদায়ের দাবিতে তাণ্ডব চালানো সিএনজি চালকদের চাপে নতি স্বীকার করে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে সাধারণ যাত্রীরা আবারও অসাধু চালকদের দৌরাত্ম্যের মুখে পড়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, বিআরটিএ নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে দুর্নীতিগ্রস্ত একটি শক্তিশালী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে, যা যাত্রীদের অধিকার ক্ষুণ্ন করছে।

তিনি জানান, বিগত সরকার আমলে ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশার রিপ্লেসমেন্টের নামে ব্যাপক দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এর পেছনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিআরটিএ কর্মকর্তারা এবং কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন। এর ফলে মাত্র তিন লাখ টাকার একটি অটোরিকশার দাম এখন ৩০-৩৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

তিনি আরও অভিযোগ করেন, এই দুর্নীতিবাজ সিন্ডিকেট সিএনজি অটোরিকশা চালকদের বিভিন্ন সময় উস্কে দিয়ে অযৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করছে। সর্বশেষ, মিটারের অতিরিক্ত ভাড়া নেওয়ার বিধিনিষেধ বাতিলের দাবিতে নগরজুড়ে চালকরা সন্ত্রাসী কায়দায় তাণ্ডব চালিয়েছে।

বিআরটিএ এ পরিস্থিতিতে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং সিন্ডিকেটের দাবির কাছে আত্মসমর্পণ করেছে বলে উল্লেখ করেন মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, “একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের টাকায় চলে, কিন্তু সেই প্রতিষ্ঠান জনগণের স্বার্থ না দেখে দুর্নীতিবাজদের স্বার্থ সংরক্ষণ করছে। তাহলে এর অস্তিত্বের দরকার কী?”

এ অবস্থায় রাজধানীর যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটি ঘোষণা করেছে, “সিএনজি চালকদের তাণ্ডব, যাত্রীদের দুর্ভোগ এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে” আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান