সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগের চূড়ান্ত ফলাফল বাতিলের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে আগামী ২ মার্চ এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক চেম্বার জজ আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে, ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল বাতিল করে এবং নতুন করে মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ দেয়। নিয়োগপ্রক্রিয়ায় কোটা অনুসরণ না করার অভিযোগে নিয়োগবঞ্চিত ৩১ প্রার্থী রিট করলে আদালত এই রুল জারি করে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হলে চেম্বার আদালত তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে ২ মার্চ শুনানির দিন ধার্য করেন।
