আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহুর নেতৃত্বে দেশ রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অংশগ্রহণকারী রাফায়েল পিনাইনা বলেন, বর্তমান সরকার অভ্যন্তরীণভাবে সমাজকে বিভক্ত করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিচ্ছে।
তিনি আরও বলেন, গত ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। “দেশের জনগণের সত্য জানার অধিকার রয়েছে,”—বলে মন্তব্য করেন তিনি।
সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, ৭ অক্টোবরের হামলা এবং তার পরবর্তী সংঘাতে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংহতি জানাতে তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। তার মতে, দীর্ঘস্থায়ী সংঘাত সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।
আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স দাবি করেন, লেবানন ও ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো ইসরায়েলের জন্য কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। তার অভিযোগ, ব্যক্তিগত রাজনৈতিক সংকট থেকে বের হতে সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।
বিক্ষোভকারীরা দ্রুত সরকারের নীতিগত পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও অভ্যন্তরীণ অসন্তোষ একত্রে ইসরায়েলের রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে।
