আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলের রিফট ভ্যালি এলাকায় আকস্মিক ভূমিধসে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া গুরুতর আহত আরও ৩০ জনকে চিকিৎসার জন্য এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, বর্ষা মৌসুমে টানা ভারি বৃষ্টিপাতের ফলে শনিবার (১ নভেম্বর) ভোরে চেসোঙ্গচ এলাকার পাহাড়ি ঢালে ভূমিধসের ঘটনা ঘটে। এতে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় সহায়তা করতে সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।
এর আগে গত বছর মধ্য কেনিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে প্রতিবেশী দেশ উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উগান্ডা রেড ক্রস। — সূত্র: সিএনএন
