Home Lead News বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামায়াতি চেতনার লোকজনকে বসানো হয়েছে: রিজভী

বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামায়াতি চেতনার লোকজনকে বসানো হয়েছে: রিজভী

by raazu
০ comments

“আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামায়াতি চেতনার লোকজনকে। আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনইভাবে এখনও বঞ্চিত হচ্ছে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলেছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার ও রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই আলোচনা-সমালোচনা। তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপর জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, সেগুলো দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার।”

রুহুল কবির বলেন, “রাষ্ট্রের বিরোধিতা অপরাধ, কিন্তু সরকারের বিরোধিতা অপরাধ নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ ও জনগণের সরকার হয়, তাহলে সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউশি বলে দিলো সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না।”

তিনি বলেন, “একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছেন, জুলাই-আগস্টের বিজয় শুধু তাদের। এই অন্তর্বর্তী সরকার তাদের সরকার। আমাদের মনে হয় কোনো অবদান নেই। আমরা ১/১১ এর সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে।”

ডিইএবর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান