বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বাংলাদেশ সরকারের। একইসঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোন বিবেচনায় থাকছেন তা ভারতের বিবেচনাধীন বিষয় হিসেবে দেখছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এ ছাড়া, তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।
ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো পাবলিক ডোমেন।
ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা-জানতে চাইলে মুখপাত্র বলেন, সেটা আমার জানা নেই।