লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, “আমি শেখ হাসিনাকে তিন বছর আগেই সতর্ক করেছিলাম। আমার কথা রাখলে তাকে ভারতে পালিয়ে যেতে হতো না। তার দাম্ভিকতাই তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিশ্বের প্রতিটি স্বৈরশাসকের পতন এভাবেই হয়েছে।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না। আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধেও না। ইসলাম ধর্ম অনুযায়ী, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে বেশি গুঁতাগুঁতি করলে ভালো হবে না।”
দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের কাছেও কোটি কোটি টাকা আছে। শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে।”
লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।
