মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন চালের একটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে। পরীক্ষার পর দ্রুত চাল খালাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ১১ জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চালের একটি চালান দেশে আসে। এটি ছিল ভারতের থেকে আমদানি করা দ্বিতীয় চালান। তার আগে, ২৬ ডিসেম্বর ভারত থেকে প্রথম চালান হিসেবে ২৬ হাজার ৬৯০ টন চাল দেশে পৌঁছায়।
চালের মজুত বৃদ্ধির লক্ষ্যে সরকার সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।
এই আমদানি কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা ও মজুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
