এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী পূর্ণ দিবস ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। পাশাপাশি তারা ফের সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আন্দোলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সকাল থেকে সেখানে শিক্ষকরা প্রতীকী অনশন ও বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদের নামাজ যমুনায় পড়বেন তারা।
এর আগে মঙ্গলবার সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশ বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
শিক্ষকরা দাবি জানিয়েছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
