নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অবাস্তব। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যা শিল্পখাতকে বিপর্যস্ত করবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, তিতাস গ্যাস কোম্পানির সিস্টেম লস ও গ্যাস চুরির দায় শিল্প খাতের ওপর চাপানো হচ্ছে। ১ শতাংশ সিস্টেম লস কমালে এক হাজার কোটি টাকা সাশ্রয় হতো, অথচ মূল্যবৃদ্ধির চিন্তা করা হচ্ছে।
বিকেএমইএ সভাপতি বলেন, শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে হলে গ্যাসের দাম কমানো উচিত, বাড়ানো নয়। তিনি সরকারের প্রতি এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে ব্যবসায়ী, শিল্প মালিক ও বিশেষজ্ঞরা অংশ নেন। এর আগে, পেট্রোবাংলাসহ ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়, যা বর্তমানে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি পর্যালোচনা করছে।
