Home Lead News খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা

by razu ahamed
০ comments

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাগড়াছড়িতে সহিংসতায় ভারতের ইন্ধন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটি একটি সত্যিকার প্রশ্ন। যাতে তারা তা ঘটাতে না পারে, এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে আছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছেন।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালিয়েছে। এই অস্ত্র অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি দেশের নাম বলতে চাই না। তবে সাংবাদিকরাই নাম বলেছেন। এসব প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গতকাল দেশে একটি বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এ সময়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তা-ঘাট বন্ধ না করে এবং পূজাটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাই সহযোগিতা করবেন।”

খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব চলছে। সেটি শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কিন্তু একটি মহল চাচ্ছে, যেন এই উৎসব আনন্দমুখরভাবে সম্পন্ন না হয়। সেই মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে।”

ঢাকা শহরের থানা ভবন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন রয়েছে। বাকি থানা বিভিন্ন ভাড়া বাড়িতে চলছে। এখন নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে, যা আগামী ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা। তিনি নির্মাণকারীদের ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। শিগগিরই শাহবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান