এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দুপুরে বিক্ষোভ মিছিলও শুরু হয়।
গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেওয়ায় শিক্ষকরা প্রতীকী অনশনের ঘোষণা দেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় নতুন কর্মসূচি হিসেবে মঙ্গলবার সপরিবারে ‘মার্চ টু সেক্রেটারিয়েট’ কর্মসূচি পালন করবেন তারা।
সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। অন্যথায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে, সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আন্দোলন অব্যাহত থাকবে।
