উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। তার এ সাক্ষাতের পর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের গুঞ্জন ওঠে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গনমাধ্যমকে বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।
এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, তথ্য উপদেষ্টা আমাকে জানিয়েছেন তিনি পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব।
অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।
