দেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজ আমরা সবাই অত্যন্ত আশাবাদী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। সবশেষে ছাত্র-জনতার সমবেত প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। নতুন করে বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে কাজ করতে চায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করতে আমাদের আন্তরিক হওয়া প্রয়োজন।”
প্রয়াত মাহফুজ উল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “তাকে হারানোয় আমরা বড় শূন্যতা অনুভব করছি। তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করতেন না। তার আদর্শ লালন করতে পারলেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীসহ অনেকে।
