বান্দরবানের লামার সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা পরিশোধের পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফাসিয়াখালী মুরুং ঝিরি পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন রাবার কোম্পানির মালিক ফোরকান।
গত শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৬ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। অভিযানের সময় এক শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হন, আর বাকি ২৫ জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
লামা থানার ওসি শাহাদাৎ হোসেন ও বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার জানিয়েছেন, শ্রমিকরা মুক্তি পেয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
