যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি জানান, “আমরা খবর নিয়েছি, উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আগের চাইতে অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ।”
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিক নামের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিএনপি নেতারা জানান, গত কয়েক মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দীর্ঘসময় আলোচনা ও অনুমতির পর তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।
মহাসচিব আরও বলেন, “দলের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং দেশবাসীর কাছেও দোয়ার আবেদন করেছেন।”
বিএনপি নেত্রীর উন্নতি সম্পর্কে এই তথ্য দলের নেতাকর্মীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
