লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক ২০২৫ এবং গুণী, মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদায়ী সেক্রেটারি ও ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নতুন ইসি কমিটির অভিষেক সম্পন্ন হয়।
পরে নতুন কমিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পাঁচজন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এই অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন:
প্রিন্ট মিডিয়া: জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা।
ইলেকট্রনিক মিডিয়া: এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার।
মেইনস্ট্রিম মিডিয়া: আইটিভি নিউজের ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পаша।
ইউটিউব চ্যানেল: অনুসন্ধানী রিপোর্টের জন্য রানার টিভির আ স ম মাছুম।
বছরের সেরা অনুসন্ধানী রিপোর্টার: ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান এবং মুহাম্মদ সুয়েজ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
