চিত্রনায়িকা পরীমণি অভিনীত টালিউডের প্রথম সিনেমা ফেলুবক্সী মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) কলকাতায়। তবে দুর্ভাগ্যবশত, ভিসা জটিলতার কারণে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হতে পারছেন না তিনি। এ নিয়ে মন খারাপ পরীমণির।
পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ভক্তদের জানিয়েছেন তার হতাশার কথা। পোস্টে তিনি লেখেন:
“আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সি রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম সিনেমা।… ভিসাটা হলো না! খুব মিস করছি আমার ‘ফেলুবক্সি’ টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।”
তিনি আরও যোগ করেন, “কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ‘ফেলুবক্সি’র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিও।”
গণমাধ্যমে পরীমণি জানান, তার মন খুবই খারাপ। তিনি বলেন, “ভারতে আমার প্রথম সিনেমা ফেলুবক্সী মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলাম। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করা হয়েছে। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব, ইনশাআল্লাহ।”
ফেলুবক্সী সিনেমায় পরীমণি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন জনপ্রিয় টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মধুমিতা সরকার।
সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। গেল বছরের এপ্রিলে এর শুটিং শেষ হয়।
ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছেন পরীমণি। তিনি আশা করছেন, সিনেমাটি দর্শকদের মন জয় করবে এবং তার নতুন যাত্রার শুরু হবে সফলভাবে।
ফেলুবক্সী-র মুক্তি পরীমণির ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। তবে ভিসা সমস্যার কারণে প্রিমিয়ারে অংশ নিতে না পারা তাকে বেশ হতাশ করেছে।
