চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় শান্তিপূর্ণ সমাবেশ করেছেন চাকরিপ্রত্যাশীরা। তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, গত ১২ বছর ধরে তারা চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছেন। তবে এখনো তাদের দাবি বাস্তবায়িত হয়নি। এক আন্দোলনকারী বলেন, “আমরা বেকার। দাবি আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না।”
নেত্রনোর ফাহমিদা খাতুন বলেন, “আমাদের একটাই দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর চাই। আমাদের কর্মসূচি পূর্বঘোষিত এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো।”
গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হলেও চাকরিপ্রত্যাশীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ন্যূনতম ৩৫ বছর বয়সসীমা ছাড়া তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
এ আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই চাকরিপ্রত্যাশীদের দাবিকে ন্যায্য এবং সময়োপযোগী বলে সমর্থন জানিয়েছেন।
