Home Lead News লামায় রাবার বাগান থেকে ২৬ শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি

লামায় রাবার বাগান থেকে ২৬ শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি

by raazu
০ comments

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পাঁচটি রাবার বাগান থেকে অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের খবর পাওয়ার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে অপহরণকারীরা সহজেই এসব অপকর্ম চালাতে পারছে।

অপহৃত ২০ জনের পরিচয় জানা গেছে। তারা কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। বাকি ৬ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী গত কয়েক মাস ধরে লামার সরই, গজালিয়া, লামা সদর ও ফাঁসিয়াখালী এলাকায় চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধ করে আসছে।

এক রাবার বাগান মালিক মো. শাহজাহান বলেন, “আমার বাগান থেকে ১২ শ্রমিককে তুলে নিয়ে গেছে। কয়েকদিন আগে সন্ত্রাসীরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না পেয়ে শ্রমিকদের অপহরণ করেছে। এখন মুক্তিপণ দাবি করা হচ্ছে।”

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা জানান, শ্রমিক অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |