নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (MoFL) অধীনে পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (LDDP) এর আওতায় গবেষণা ও উচ্চশিক্ষা কার্যক্রমে নতুন গতি এসেছে। প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) বাস্তবায়িত এ প্রকল্প বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, LDDP-এর চারটি কম্পোনেন্টের মধ্যে Component-C এর আওতায় “Board Certification/Residency and PhD Training for Integrated Herd Production/Health Program” এর মাধ্যমে এমএস, পিএইচডি ও গবেষণা কোর্স পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় মন্ত্রণালয় অনুমোদিত ১০টি Broad এবং ৩২টি Sub-Broad thematic area এবং নির্ধারিত গাইডলাইনের ভিত্তিতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ২২টি গবেষণা প্রস্তাব, ৯টি পিএইচডি কোর্স এবং ২টি মাস্টার্স কোর্স চূড়ান্ত করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নে বর্তমানে ৫৯ জন শিক্ষার্থী এমএস এবং ২৯ জন শিক্ষার্থী পিএইচডি কোর্স সম্পন্ন করছেন। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ জন কর্মকর্তা পিএইচডি এবং ২ জন কর্মকর্তা মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করছেন।
গবেষণা কার্যক্রমের ফল হিসেবে এখন পর্যন্ত ৭৩টি জার্নাল আর্টিকেল এবং ৩৫টি কনফারেন্স পেপার, পোস্টার ও প্রসিডিংস দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী “LDDP Research and Innovation Fund and PhD & MS Fellowship Program” এর আওতায় ৩৩টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হবে। এতে ওরাল প্রেজেন্টেশনের পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মশালায় উপস্থাপিত গবেষণা ও সুপারিশসমূহ দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খাতটিকে আরও শক্তিশালী করার দিকনির্দেশনা দেবে।
এই প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়।
