ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহর যেন থমকে দাঁড়িয়েছে এক হৃদয়বিদারক ঘটনায়। নিখোঁজ হওয়ার মাত্র ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (সাড়ে ৩) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকার প্রতিবেশীর ঘর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।
নিহত সাবা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় প্রতিবেশী শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সাবা। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরকা পরে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে।
পরে সন্দেহের ভিত্তিতে শান্তনার ঘরে প্রবেশ করলে খাটের নিচে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর শান্তনা খাতুনকে আটক করে পুলিশ।
নৃশংস এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, “শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। তদন্তে হত্যার কারণ উদ্ঘাটন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
