Home Lead News নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

by raazu
০ comments

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও দেখা যায়নি। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই দেখেন।

আমীর খসরু বলেন, ‘ম্যাডামের অবস্থায় উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।’

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঈন খান বলেন, ‘আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনো সিসিইউতেই আছেন এবং অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানান, ‘ম্যাডামের অবস্থা ভালো নয়। সবাই দোয়া করবেন।’

চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। সার্বক্ষণিক তার সঙ্গে আছেন ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার আশু সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে দলটি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান