ছোট পর্দার প্রতিভাবান অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহবাজ সানির মৃত্যুর খবরটি নির্মাতা ইমরাউল রাফাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
নির্মাতা ইমরাউল রাফাত জানান, রোববার রাতে উত্তরায় আড্ডার সময় হঠাৎ মাটিতে পড়ে যান শাহবাজ। সঙ্গীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাট্যনির্মাতা তুহিন হোসেন জানান, “তার উচ্চ রক্তচাপ ছিল। হঠাৎ অস্থিরতা অনুভব করেন, বমি করতে থাকেন। হাসপাতালে নেওয়ার পর আধা ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
তার মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব তার ফেসবুকে লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই। সবাই তার জন্য দোয়া করবেন।”
অভিনেতা নিলয় আলমগীর সানির সঙ্গে ছয়টি ছবি পোস্ট করে লিখেছেন, “শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।”
ভিডিও এডিটর তনিয়া ইসলাম তনু লেখেন, “তার অকাল মৃত্যু অবিশ্বাস্য! আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”
শাহবাজ সানি নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ টেলিফিল্মের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। পরে ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পান। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
তরুণ এই অভিনেতার অকাল প্রয়াণে তার ভক্ত ও সহকর্মীরা শোকাহত। তার আত্মার শান্তি কামনা করেছেন অনেকে।
