মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, শিগগিরই আত্মপ্রকাশ করবে জুলাই অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ সংক্রান্ত নাম ঘোষণা করে সংশ্লিষ্টদের সনদ ও পরিচয়পত্র প্রদান করা হবে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ক্যাটাগরি অনুযায়ী এককালীন অনুদান ও মাসিক ভাতা
ফারুক-ই-আজম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে এককালীন অনুদান ও মাসিক ভাতা পাবেন—
‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।
‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা এবং মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন।
‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন সুবিধাসহ সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখার প্রত্যাশা
আগামীতে যে সরকারই আসুক, তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি ও অধিকার অগ্রাধিকারে থাকবে।”
এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনার কাজ চলছে। দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
