সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের লাঠিচার্জে পুরুষ আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে সরে গেলেও নারী প্রার্থীরা রাস্তার ওপর বসে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। এর আগে, সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা মহাসমাবেশ শুরু করেন এবং বিকেলে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন।
গত ৬ ফেব্রুয়ারি, হাইকোর্টের রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে চূড়ান্তভাবে নির্বাচিত ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়। আন্দোলনকারীরা দাবি করছেন, একই বিজ্ঞপ্তির আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীদের নিয়োগ ও যোগদান নিশ্চিত করা হলেও তৃতীয় ধাপে নতুন নিয়মের অজুহাতে তাদের বঞ্চিত করা হচ্ছে।
হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিলের পর থেকেই আন্দোলন চালিয়ে আসছেন ক্ষুব্ধ প্রার্থীরা, যা রবিবার পুলিশের হস্তক্ষেপের পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
