অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর বহুল আলোচিত ‘আয়নাঘর’ নামে পরিচিত তিনটি গোপন নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন।
ঢাকার এই স্থানগুলো একসময় নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৯ জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস আয়নাঘর পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি আজ দুপুর ১টার দিকে ফেসবুকে জানিয়েছেন, গত জুলাই মাসে সাদা পোশাকধারীদের দ্বারা অপহৃত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ডিজিএফআইয়ের টর্চার সেলে রাখা হয়েছিল। আজ সেই নির্যাতন কক্ষটি পরিদর্শন করে তিনি তা সনাক্ত করেছেন। দেওয়ালের ওপর থাকা এক্সস্ট ফ্যানের খোপগুলো দেখে তিনি কক্ষটি চিনতে পেরেছেন।
আরেকটি পোস্টে তিথি জানান, একইভাবে নাহিদ ইসলামকেও গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নিয়ে এই টর্চার সেলে রাখা হয়েছিল। নাহিদও আজ পরিদর্শনকালে সেই কক্ষটি সনাক্ত করেছেন। তিনি জানিয়েছেন, কক্ষের একপাশে একটি বেসিনের মতো টয়লেট ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয় এবং দেওয়াল রঙ করা হয়।
ফেসবুক পোস্টের সাথে আসিফ মাহমুদ সজীব ও নাহিদ ইসলামের ছবি এবং আয়নাঘরের ভেতরের কিছু ছবিও যুক্ত করা হয়েছে।
