জাতীয়করণের দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে মহাজোট থেকে জানানো হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত আছেন। তারা দ্রুত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করার দাবি জানান।
সংগঠনটি থেকে জানানো হয়, অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনো দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।
প্রধান উপদেষ্টা কর্তৃক জাতীয়করণ ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের বিভিন্ন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষকরা উপস্থিত আছেন
