শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ড দেশকে তার নিপীড়নের যুগ থেকে পুনরুদ্ধার হতে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে হবে। কোনো অজুহাতে শেখ হাসিনা, তার পরিবার এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদদের সম্পত্তির বিরুদ্ধে বা কোনো নাগরিকের বিরুদ্ধে হামলা করা যাবে না।
তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির ওপর হামলা চালিয়েছে, তাদের ক্ষোভ বোঝা যায়। কারণ তারা শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছে। তবে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন বলে সরকার নিশ্চিত হয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের অবশ্যই আইন মেনে চলতে হবে। বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি। আমাদের নতুন বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা।”
ড. ইউনূস বলেন, সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। যদি কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী নেতারা দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন। যতদিন আমরা সজাগ থাকব এবং নৈতিক উচ্চতা ধরে রাখব, ততদিন তারা ফিরে আসার সুযোগ পাবে না। আমরা তাদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আনছি। সারাবিশ্ব আমাদের পাশে রয়েছে।”
সবশেষে তিনি দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে সব বাংলাদেশি সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগ নিতে হবে।”
