প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার অসাধ্য সাধনের সম্মুখসারিতে ছিলেন নারীরা। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা হিমালয়ের মতো অটল ছিলেন।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। হটলাইন চালু, আইনি সহায়তা, পারিবারিক সহিংসতা আইন হালনাগাদ ও যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ ২৭ লাখ ৪০ হাজার নারী অংশ নিয়েছেন, যা সমাজে নারীর অংশগ্রহণের উজ্জ্বল দৃষ্টান্ত। নারীবিরোধী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।
