সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা। গতকাল বৃহস্পতিবার এফডিসির প্রযোজক সমিতির প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় একসময়ের জনপ্রিয় নায়ক উজ্জলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে এফডিসির এমডিকে আওয়ামী ফ্যাসিস্ট দোসর উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনতিবিলম্বে তাঁর নিয়োগ বাতিল ও এফডিসির বিভিন্ন শাখায় যোগ্য লোক নিয়োগ এবং চলচ্চিত্র নীতিমালা সংস্কারসহ চলচ্চিত্রাঙ্গনের সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
অন্যথায় তাঁরা বিএফডিসি ব্লকেড, কর্মবিরতি, অসহযোগ আন্দোলনসহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অত্যন্ত দুঃখজনক হলো সরকার ও প্রশাসনের আশপাশে ঘাপটি মেরে থাকা বর্ণচোরা ফ্যাসিস্ট দোসর ও তাদের নিয়োজিত দালালদের প্ররোচনায় মূল সত্য আড়াল করে, ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে বিএফডিসির এমডি পদে আওয়ামী সরকারের সুবিধাভোগী দালাল মাসুমা রহমান তানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
যাঁর নিয়োগ সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জাতীয় গণমাধ্যমে তীব্র নিন্দা, ক্ষোভ, সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে।
