Home Seacond Lead ‘আমি সম্পূর্ণ নির্দোষ, গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত’— ট্রাইব্যুনালকে ইনু

‘আমি সম্পূর্ণ নির্দোষ, গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত’— ট্রাইব্যুনালকে ইনু

by raazu
০ comments

‘আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। শুধু গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত।’— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের উদ্দেশে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রোববার (২ নভেম্বর) কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

বেলা সাড়ে ১১টার দিকে ইনুকে হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় তোলা হয়। এরপর তার উপস্থিতিতেই অভিযোগগুলো পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল তাকে দোষ স্বীকারের বিষয়ে মত জানাতে বললে ইনু জানান, তিনি অভিযোগগুলো পুরোপুরি শোনেননি এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। আমিও গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত হয়েছি। আমি রাজনৈতিক আক্রোশের শিকার।”

ইনু আরও বলেন, “আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।”

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে গত ২৮ অক্টোবর ইনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে ইনুর অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ইনুর কথোপকথন থেকে ‘কমান্ড রেসপনসিবিলিটি’ প্রমাণিত হয়।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই জাসদ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান