ঝিনাইদহ প্রতিনিধি: গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানিয়েছে, গত ৫ মে রাজনৈতিক পরিচয়ের সুবাদে খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান সাজ্জাদুল ইসলাম। যাকে খুঁজছেন, তাকে না পেয়ে গৃহবধূর কাছে পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুলকে আটক করে।
একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় শনিবার (৯ মে) ওই গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
