Home Seacond Lead কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো আনোয়ার, অবশেষে গ্রেপ্তার

কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো আনোয়ার, অবশেষে গ্রেপ্তার

by raazu
০ comments

মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী ‘কব্জি কাটা গ্রুপে’র প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জি কাটা আনোয়ারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। বাহিনীটি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে গিয়ে আনোয়ার ৭ জনের কব্জি কেটেছে। শুধু তাই নয়, কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতেন তিনি ও তার গ্রুপের সদস্যরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, আনোয়ার টার্গেট ব্যক্তির ওপর হামলার আগে আশপাশের রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি করত। এরপর যানজট নিরসনের নামে রাস্তা ব্লক করে পরিকল্পিতভাবে হামলা চালানো হতো।

র‍্যাব জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, শেখেরটেক, নবোদয় হাউজিং ও আদাবরসহ বিভিন্ন এলাকায় হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল আনোয়ারের বাহিনী।

সন্ত্রাসী জীবন ও গ্রেপ্তার

র‍্যাব-২ এর অধিনায়ক জানান, ২০০৫ সালে আনোয়ার বাগেরহাট থেকে ঢাকায় এসে পানির ব্যবসা শুরু করলেও পরে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। ২০২৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কব্জি কাটার ভিডিও ছড়িয়ে নিজেকে ‘কব্জি কাটা গ্রুপের’ প্রধান হিসেবে প্রতিষ্ঠা করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে র‍্যাব-২। এসময় তার দুই সহযোগী মো. ইমন (২০) ও মো. ফরিদ (২৭) গ্রেপ্তার হন। অভিযানে দেশীয় অস্ত্র, ৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও হাতঘড়ি উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, মোহাম্মদপুরের ‘এক্সেল বাবু’ নামে এক ব্যক্তি তাকে মদদ দিতো। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান