‘‘আমরা যদি দুর্নীতিমুক্ত না হই, তাহলে যত কথাই বলি, সবই অসার’’—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, তার উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।’’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের একটি অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমিরাতের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা আমাদের কোনো ডকুমেন্ট বিশ্বাস করতে পারেন না, কারণ এত ভুয়া নথিপত্র আসে! এমনকি কাজের লোকও ভুয়া চিকিৎসক সনদ নিয়ে চাকরির জন্য আবেদন করছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি, সে ডাক্তার হতে পারে না, কিন্তু তার কাছে ডাক্তারের সার্টিফিকেট আছে। এটি অত্যন্ত লজ্জাজনক।’’
দুর্নীতি থেকে বেরিয়ে আসা সম্ভব উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘‘এটা অসম্ভব কিছু নয়। শুধুমাত্র চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি, তা সবই মূল্যহীন। আমাদের দ্রুত দুর্নীতি থেকে বের হতে হবে। অপেক্ষা করলে চলবে না।’’
