গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ ভোলার মো. হাসানের (২০) মরদেহ ঢাকা মেডিকেলের মর্গ থেকে শনাক্ত করে দীর্ঘ ছয় মাস পরে তার নিজ গ্রামে এনে দাফন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে হাসানকে চিরবিদায় জানান। পরে একই গ্রামের উত্তর শাহা-মাদার মোহাম্মদীয় জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
এ সময় গণহত্যায় জড়িতদের বিচার ও গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধসহ রাষ্ট্রীয়ভাবে হাসানকে শহীদি মর্যাদা দেওয়ার দাবিও জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে হাসানের পরিবারের কাছে হাসানের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করে। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গণহত্যার বিচারের দাবিত হাসানের মরদেহ নিয়ে কফিন মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে শনিবার সকালে ঢাকা থেকে হাসানের মরদেহ ভোলায় তার নিজ গ্রামে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
শহীদ হাসান ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাচিয়া গ্রামের জাহাঙ্গীর বেপারি বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. মনির ও গোলেনুর বেগম দম্পতির দ্বিতীয় সন্তান ও তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
হাসানের পরিবার সূত্রে জানা গেছে, হাসান নিখোঁজের ৫ মাস পর গত ১২ জানুয়ারি দুপুরে তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেলের মর্গে থাকা অজ্ঞাত কয়েকটি মরদেহের মধ্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় প্রাথমিকভাবে হাসানের মরদেহ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। পরে ১৩ জানুয়ারি যাত্রাবাড়ি থানার মাধ্যমে আদালতের নির্দেশে মালিবাগের সিআইডি অফিসে হাসানের বাবা-মা ডিএনএ নমুনা দেন এবং ১২ ফেব্রুয়ারি হাসানের ডিএনএ নমুনা মেলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরের দিন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হাসানের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কতৃপক্ষ।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাই-আগস্টে ঢাকা ও চট্টগ্রামে সহিংসতায় ভোলার শহীদদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। তাদের বাড়ী ভোলার বিভিন্ন উপজেলায়। ৪৭ জন শহীদের মধ্যে মো. হাসান একজন। শুধু জেলা ভোলায় গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।
