সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও ঘোষিত ছুটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই আন্দোলন শুরু করেন, যা দুপুর পর্যন্ত চলছিল।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, প্রতিমাসে ৬ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের নিয়ম থাকলেও জানুয়ারির বেতন এখনও দেওয়া হয়নি। এরই মধ্যে আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখতে পান, কারখানা কর্তৃপক্ষ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা অবিলম্বে বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবিতে আন্দোলনে নামেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ভূঁইয়া জানিয়েছেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানার মালিক বিদেশে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো সমাধান সম্ভব হয়নি।
